
আরিফুর রহমান তীব্র– লক্ষ্মীপুর সদর◼️
লক্ষ্মীপুরে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে ভোট পরিদর্শনে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, দেশে একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, অথচ এ পদ্ধতিকে কেন্দ্র করেই তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। যারা এখন নির্বাচন নিয়ে উচ্চবাচ্য করছেন, তাদের অনেকেই দেশের রাজনৈতিক ইতিহাসে কোনো পদে নির্বাচিতই হননি বলে দাবি করেন তিনি।
রোববার (৬ জুলাই) বিকেলে সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনের সময় এসব কথা বলেন খায়ের ভুঁইয়া।
তিনি বলেন, যারা নিজেদের রাজনৈতিক শক্তি জনগণের মধ্যে প্রমাণ করতে পারেননি, তারাই এখন গোটা নির্বাচনী পদ্ধতি পাল্টানোর পাঁয়তারা করছে। জনগণের ইচ্ছার বাইরে গিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে নির্বাচন দেশে কার্যকর হবে না।
খায়ের ভুঁইয়া আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলনে রয়েছে। এ সময়ে দলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন। দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকা অস্বীকার করার উপায় নেই। কাজেই কোনো দল যদি কল্পনাপ্রসূত দাবির মাধ্যমে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তা বরদাশত করা হবে না।
তিনি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, “মানুষ যেন নিরাপদে ভোট দিতে পারে, সেজন্য স্বচ্ছ একটি ব্যবস্থা তৈরি করতে হবে। জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের চলতে হবে।
খালেদা জিয়ার কারাবরণ, তারেক রহমানের নির্যাতনের শিকার হওয়া এবং কোকোর মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে খায়ের ভুঁইয়া বলেন, “বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক পরিবার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবার। তাই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির সংগ্রাম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, ফখরুল ইসলাম স্বপন, জামাল হোসেন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল খালেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদকের নাম 






















