
◼️মো:সোহান–রংপুর মহানগর
রংপুর মহানগরের ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব জলকরিয়া এলাকায় শুক্রবার (৮ আগস্ট) এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শরীরচর্চার প্রতি সচেতনতা তৈরি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।
ফুটবল ম্যাচটি আয়োজন করেন পূর্ব জলকরিয়া যুব সমাজের দুই উদ্যোগী সদস্য মো. হাসান মাহমুদ ও মো. জেলহার হোসেন। আয়োজনে সহযোদ্ধা হিসেবে ছিলেন যুব সমাজের আরও কয়েকজন সক্রিয় সদস্য—মো. সাইফুল ইসলাম, মুকছিদুল ইসলাম, মো. মাহমুদুল ইসলাম ও আতাউর রহমানসহ স্থানীয় যুবকরা।
খেলা চলাকালীন সময় উপস্থিত যুবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “খেলাধুলা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি অংশ। এটি শুধু শরীরকে ফিট রাখে না, মানসিকভাবে আমাদের দৃঢ় ও নেতৃত্বদানে সক্ষম করে তোলে।” তিনি আরও বলেন, “বর্তমানে ইন্টারনেট গেমে আসক্তির কারণে আমাদের শিশু-কিশোররা শারীরিক ও মানসিকভাবে ক্ষতির মুখে পড়ছে। তাই আমাদের সবার দায়িত্ব, খেলাধুলার মাধ্যমে তাদের বিকশিত চেতনা ফিরিয়ে আনা।”
তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, “শুধুমাত্র একটি সুস্থ সমাজ গঠনের জন্যই নয়, একজন সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে উঠতেও খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।”
বক্তব্যের শেষদিকে তিনি আয়োজনের উদ্যোক্তা মো. হাসান মাহমুদ ও মো. জেলহার হোসেনের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরণের আয়োজন নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ সমাজ সঠিক পথের দিশা পাবে।
প্রতিবেদকের নাম 




















