
লাইসেন্স নবায়ন না করা এবং নানা অনিয়মের অভিযোগে নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির এক্স-রে কক্ষ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) দুপুরে নরসিংদী পৌরসভার পুরাতন কান্দাপাড়া এলাকায় ‘গ্রীন লাইফ (প্রাঃ) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
অভিযান সংশ্লিষ্টরা জানান, হাসপাতালটিতে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম চললেও দীর্ঘ দিন ধরে এর লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া পরিদর্শনে নানা অসংগতি ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
একই সঙ্গে, প্রয়োজনীয় নথিপত্র ও মানসম্মত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালের এক্স-রে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সকল অনিয়ম দূর করে লাইসেন্স নবায়ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযানকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খলিল কায়সার খোকন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোস্তফা মিয়া, নরসিংদী 




















