
শিক্ষার্থীদের কেবল ভালো ফল অর্জন করলেই চলবে না, এর পাশাপাশি সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ছাত্রসমাজকেই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব ও নেতৃত্ব গ্রহণ করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন একদল আদর্শবান মানুষ তৈরি করতে চায়, যারা সততা ও দেশপ্রেম নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, আজকের এই সাফল্য শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের কেবল একটি সূচনা মাত্র। আগামীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে মেধার সাথে নৈতিক মূল্যবোধের সঠিক সমন্বয় ঘটাতে হবে। একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে শিক্ষিত তরুণ সমাজকেই মূল দায়িত্ব নিতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ ও দেশসেবা।
উল্লাপাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, জেলা সেক্রেটারি রেজাউল্লাহ সোয়াইব, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, জেলা সাহিত্য সম্পাদক হাফেজ জাকারিয়া এবং উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কৃতী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাদমান সাকিব | সিরাজগঞ্জ প্রতিনিধি 




















