
◼️গোলাম রব্বানী–তালা( সাতক্ষীরা)
সাতক্ষীরার পাটকেলঘাটায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কপোতাক্ষ হোটেলের সামনে থেকে খুলনার র্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করে এবং গাড়িচালককে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, লাল রঙের চাঙ্গান আলসভিন (ঢাকা মেট্রো গ ২৪-১৪২৬) প্রাইভেটকারটি খুলনার পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে গাড়িটি থামায় এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ড্রাইভার মো. তুহিন (২৬) কে আটক করা হয়। তার বাড়ি দেবহাটা থানায় বলে জানা গেছে।
পরবর্তীতে রাত ১২টার দিকে গাড়ি, মাদকদ্রব্য ও ড্রাইভারকে খুলনার র্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ১টার দিকে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৭। জব্দকৃত মাদকদ্রব্য ও গাড়ি থানায় রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত তুহিনকে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 

























