
সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা
ভারতের ব্যস্ততম মহানগরী মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
দুপুরবেলা মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে, যেখানে বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর, মৃত্যু হতে পারে বহু মানুষের।” ফোন কলের সূত্র ধরে সঙ্গে সঙ্গেই পুলিশ ও বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যায়।
নিরাপত্তার স্বার্থে দ্রুত বিমানবন্দর ফাঁকা করে দেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত যাত্রী, কর্মী ও অন্যান্য ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়।
এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্যের খোঁজ পাওয়া না গেলেও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা তল্লাশি চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ না পুরো এলাকা নিশ্চিতভাবে নিরাপদ বলে ঘোষিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সতর্কতা জারি থাকবে। কে বা কারা এই হুমকি ফোন দিয়েছে, তা নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে।
এ ধরনের ঘটনা শুধু যাত্রীদের নয়, পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড়সড় প্রশ্ন তোলে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনও বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন অনেকে।
প্রতিবেদকের নাম 


























