
খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️
অনলাইন জিডি সেবার আওতায় যুক্ত হলো রাজশাহী ও রংপুর রেঞ্জের সকল জেলা ও মেট্রোপলিটন এলাকা। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) থেকে রাজশাহী রেঞ্জ, রংপুর রেঞ্জ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের মোট ১৫১টি থানায় চালু হয়েছে ‘সকল ধরনের’ অনলাইন জিডি সেবা।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় জনবান্ধব সেবা সহজীকরণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করা হলো।
পূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে এখন থেকে এসব থানায় যাবতীয় অভিযোগ যেমন হুমকি, জবরদখল, পারিবারিক সহিংসতা, হয়রানি, প্রতারণাসহ সকল ধরনের সাধারণ ডায়েরি অনলাইনে করা যাবে।
এ সেবার আওতায় ইতোমধ্যেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট রেঞ্জ এবং মেট্রোপলিটন পুলিশের অধীন থানাগুলো রয়েছে। রাজশাহী ও রংপুর যুক্ত হওয়ায় সেবা আরও বিস্তৃত হলো।
সেবাটি গ্রহণ করতে প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই দেশের যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজে অনলাইন জিডি করা যাবে।
রেজিস্ট্রেশন অথবা ব্যবহারে সমস্যা হলে যোগাযোগ করা যাবে ২৪ ঘণ্টা চালু থাকা ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে।
বাংলাদেশ পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে পুলিশি সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের বাকি রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাগুলোতেও সেবা চালু করা হবে।
প্রতিবেদকের নাম 























