
◼️ইসমাইল সরকার–স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সামুরাইসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলো বাবর মিয়া (২১), রিফাত হাসান (১৬) ও আব্দুর রাকিব (২২)।
র্যাব-২ জানায়, গত ৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু ছিনতাইকারী সাত মসজিদ হাউজিং এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধে জড়িত ছিল তারা। চাপাতি, সামুরাই ও চাকুর মতো দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা পথচারীদের ভয় দেখিয়ে নগদ অর্থ, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 























