
কামরুল ইসলাম–চট্টগ্রাম◼️
চট্টগ্রামের বাঁশখালী থানায় ইয়াবা পাচারবিরোধী অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ একটি জিপ গাড়ি জব্দ এবং একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশ মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে বাঁশখালী থানার মূল গেটের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই কাজী আবু কাউছার ও তার সঙ্গীয় ফোর্স।
অভিযানে ধৃত ব্যক্তির নাম মোঃ রায়হান ওরফে রিদুয়ান (২৮)। তিনি কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের আবু খায়ের ড্রাইভারের বাড়ীর বাসিন্দা। বর্তমানে তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় বসবাস করছেন।
অভিযানের সময় তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়ি জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। এই অভিযানে বড় একটি চালান আটক হওয়ায় চক্রের একটি অংশ ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 
























